
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ব্যাপক পরিসরে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাগেরহাট জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গোপালপুর ইউনিয়নের প্রায় ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, উন্নত মানের চাল, পেয়াজ, রসুন ও ভোজ্যতেল বিতরণ করা হয়। যাতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।
ঈদ সামগ্রী বিতরণ শেষে মাওলানা মানফুজুর রহমান বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। সমাজের সামর্থ্যবান মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে কেউই কষ্টে থাকবে না। আমরা কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই সহায়তা পৌঁছে দিতে কাজ করছি।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে ঈদের উপহার পেয়ে খুশি উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জন্য অনেক বড় পাওয়া, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।





















আপনার মতামত লিখুন :