
মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে ব্যবসায়ী ও শ্রমিকনেতা মাসুম বিল্লাহ (৪০)-কে। একই রাতে লবণচরা এলাকায় মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক রিকশাচালক। টানা সহিংসতায় নগরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ডাকবাংলো মোড়ে টার্গেট কিলিং: বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খুলনার ব্যস্ততম ডাকবাংলো মোড়ের বাটা শোরুমের সামনে সাতজন অস্ত্রধারীর একটি দল মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। পরিবার নিয়ে ঈদের বাজার করতে এসে এ নৃশংস হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, ছুটোছুটি শুরু করেন ক্রেতারা। বিদেশি পিস্তলসহ আটক: হামলার পর পালিয়ে যাওয়ার সময় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে জনতা ধাওয়া করে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে রাস্তা ফাঁকা করে আটক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। গুলিবিদ্ধ অবস্থায় মাসুম বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লবণচরায় রিকশাচালককে গুলি: একই রাতে রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানার মুজাহিদ পাড়ায় মো. হাবিবুর রহমান (২২) নামে এক রিকশাচালককে গুলি করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। মুখোশধারী তিনজন তাকে ধরে নিয়ে পরপর তিন রাউন্ড গুলি করে ফেলে রেখে যায়। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। আহত হাবিব সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধ ও স্থানীয় সন্ত্রাসী চক্রের নির্দেশে এ হামলা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টানা সহিংসতায় উদ্বেগ: গত কয়েক দিনে খুলনায় একের পর এক গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। নগরবাসীর প্রশ্ন—আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে? প্রকাশ্যে অস্ত্রের মহড়া আর রক্তাক্ত হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে নগরবাসী চাইছে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ।





















আপনার মতামত লিখুন :