বাগেরহাট অফিসার্স ফোরামের পক্ষ থেকে আইজিপি আলী হোসেন ফকিরকে শুভেচ্ছা অভিনন্দন


নিউজ এডিটর প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন /
বাগেরহাট অফিসার্স ফোরামের পক্ষ থেকে আইজিপি আলী হোসেন ফকিরকে শুভেচ্ছা অভিনন্দন

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ১৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের চৌকস কর্মকর্তা বাগেরহাটের কৃতি সন্তান মোঃ আলী হোসেন ফকির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট অফিসার্স ফোরাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাগেরহাট অফিসার্স ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মশিউর রহমান এবং ফোরামের সভাপতি ডক্টর মোঃ ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, বাগেরহাট জেলা সদরের বৈটপুর এলাকার সন্তান মোহাম্মদ আলী হোসেন ফকির বাগেরহাটের ঐতিহ্যবাহী আমলাপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক এবং সরকারি পিসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মাধ্যমে মেধাবী ছাত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদানের পর তিনি ঢাকা মহানগর পুলিশে দায়িত্ব পালন করেন।নেত্রকোনা ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে ডিএমপি উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মোহাম্মদ আলী হোসেন ফকির।

খুলনা তৃতীয় এপিবিএন এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে ২০২২ সালের নভেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠান। একজন পেশাদার সৎ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হতে হয়। ২০২৫ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি চাকরিতে প্রত্যাবর্তন করেন। যোগ্যতার স্বীকৃতি স্বরূপ তাকে পুলিশের উপ- মহা পরিদর্শক এবং পরবর্তীতে অতিরিক্ত মহাপরিদর্শক পদে উন্নীত করা হয়। ২০২৬ সালের ২৫ শে ফেব্রুয়ারি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আলী হোসেন ফকির।

দীর্ঘদিন অবহেলা লাঞ্ছনা ও বঞ্চনার পর তার এই প্রাপ্য সম্মান প্রাপ্তি আমাদেরকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। বাগেরহাট সরকারি পিসি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী – যার প্রজ্ঞা দূরদর্শিতা ও পেশাদারিত্ব দেশের পুলিশ বাহিনীকে নতুন গতি আস্থা ও উচ্চতায় পৌঁছে দেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আইজিপি হিসেবে দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন বাগেরহাট অফিসার্স ফোরামের পক্ষ থেকে ডঃ মশিউর রহমান এবং ডঃ ফরিদুল ইসলাম।

Host DSF