
শোয়েব হোসেন, নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদে তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরেজমিনে জানা যায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প” এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নবাবগঞ্জ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আসমা জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা রোস্তম আলী, নবাবগঞ্জ উপজেলা পাট সমিতির সভাপতি ইউসুফ মোল্লা এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজক সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে মোট ১৫২৫ কেজি পাট বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬০০ জন চাষীকে ২ কেজি করে এবং ৩২৫ জন চাষীকে ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, উন্নত জাতের পাট চাষে কৃষকদের উৎসাহিত করা এবং পাট উৎপাদন বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।অনুষ্ঠানটি বেলা সাড়ে ১১টায় সমাপ্ত হয়।





















আপনার মতামত লিখুন :