তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন, নৌকা ও শেইভ মেশিন জব্দ, আটক এক।


নিউজ এডিটর প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন /
তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন, নৌকা ও শেইভ মেশিন জব্দ, আটক এক।

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালুভর্তি নৌকা, শেইভ মেশিনসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই সঞ্জয় দত্তের নেতৃত্বে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম সংলগ্ন মোশাহিদ তালুকদারের বাঁশবাগানের সামনে যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তির নাম তাকবির হোসেন (২৭)। তিনি উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরিজপুর গ্রামের মহরম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দুটি পৃথক অভিযানে বালুসহ একটি স্টিলের নৌকা এবং একটি পুরাতন কাঠের তৈরি ইঞ্জিনচালিত শেইভ নৌকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ এক হাজার টাকা। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Host DSF