
হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর জানাজা নামাজ শেষে কুচিন্দা তালপুকুর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে, সোমবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা জিয়াউল আবেদীন জিন্নাহ সরকার নওগাঁর স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সাপাহারে বসবাস করছিলেন। তিনি মরহুম খন্দকার ময়েজ উদ্দিন মাস্টারের বড় জামাতা এবং মিজানুর রহমান শাহ্ চৌধুরীর (মেম্বার) ভাগ্নে জামাতা ছিলেন। কর্মজীবনে তিনি একসময় সাহেব বাজার এলাকায় ‘হিরো ব্যাটারি’ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মঙ্গলবার দুপুরে দাফনের আগে মরহুমের কফিনে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম। পরে তাঁকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানায়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লিরা তাঁর জানাজায় অংশ নেন।





















আপনার মতামত লিখুন :