
মোঃ শামীম হোসেন – খুলনা: আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ভোক্তা সাধারণ যাতে গুণগতমান সম্পন্ন পণ্য পেতে পারে সে লক্ষ্যে ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে নগরীতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে খুলনা নিউমার্কেট ডে-সেভেন ইউনিক সুপার শপ প্রতিষ্ঠানকে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াস, নেইল পলিশ ও লিপস্টিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়-বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, খালিশপুর জোড়াগেটে নুরজাহান ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্যের লেবেল/মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌ: মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ।





















আপনার মতামত লিখুন :