
মুহাম্মদ এমরান লামা-বান্দরবান: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে যুগ্ম সচিব চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি স্বাস্থ্যসেবাকে আরও মানসম্মত, জনবান্ধব ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম হাসপাতালের বিদ্যমান সমস্যা, চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করেন। যুগ্ম সচিব মহোদয় তা মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও ইনসিটু জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স) ডা. এপিএম আব্দুল খালেক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিওলজি) ডা. নুর মুহাম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন, ডা. জুবাইরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার নিলিমা রানী দেসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব মহোদয় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবাদান কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





















আপনার মতামত লিখুন :